২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতুর কাজ আবার শুরু

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মেয়র মোহাম্মদ হানিফ (গুলিস্তান-যাত্রাবাড়ী) উড়ালসেতু নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মেয়র মোহাম্মদ হানিফ (গুলিস্তান-যাত্রাবাড়ী) উড়ালসেতু নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে। সোমবার বিকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, উড়ালসেতু এলাকায় গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন লাইন সরানো নিয়ে কিছু জটিলতা দেখা দেওয়ায় এর নির্মাণ কাজ কিছু দিনের জন্য স্থবির হয়ে পড়ে। চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যেই ফ্লাইওভার নির্মাণ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “ঢাকা ওয়াসা, ডিপিডিসি, বিটিসিএল ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্মাণাধীন উড়ালসড়ক এলাকা থেকে আগামী তিন মাসের মধ্যে তাদের লাইনগুলো স্থানান্তর করতে বলা হয়েছে।” “নির্মাণকাজের অগ্রগতি দুই সপ্তাহ অন্তর মন্ত্রণালয়কে অবহিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।” “ইউটিলিটি সার্ভিস স্থানান্তরে খরচ বাঁচাতে কিছু কিছু কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর ন্যাস্ত করা হয়েছে,” যোগ করেন প্রতিমন্ত্রী। উড়ালসেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সোমবার দুপুরে সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নানাক। সভায় স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান, ঢাকা ওয়াসা, ডিপিডিসি, বিটিসিএল ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১২৭ ঘ.