মজিবুল হক পলাশ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নারায়ণগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের বৃষ্টিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পানি জমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
গত ৮ জানুয়ারি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দুই মাসের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের দুই কিলোমিটার রাস্তা সংস্কারের নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু গত তিন মাসে এক কিলোমিটারের সংস্কার শেষ হলেও শহরের চাষাঢ়া থেকে চাঁদমারী এলজিইডি কার্যালয় পর্যন্ত এক কিলোমিটারের অবস্থা বেহাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রোববার সরজমিন গিয়ে দেখেন, সড়কের বিভিন্ন জায়গার বড় বড় গর্তে পানি জমে আছে। তিন দিনের বৃষ্টিতে সড়কের কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সড়কের গর্তগুলোয় ইট ও পাথর ফেলেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান মালিক ঐক্যজোটের সভাপতি মুক্তার হোসেন।
সস্তাপুরের বাসিন্দা কলেজ শিক্ষিকা ফারজানা আফরোজ রিপার কাছে সড়কটি এখন মরণ ফাঁদ। প্রতিদিনই রিকশা উল্টে যায় বলে জানান তিনি।
চাষাঢ়ায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কটি এমনিতেই ভাঙ্গা। তার ওপর বৃষ্টির পানি জমে আরো বেশি খারাপ হয়ে পড়েছে।
গর্তের কারণে যানবাহনের ধীর গতিতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বলেন তিনি।
এ কাজ না হওয়ার জন্য যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সওজ’র নির্বাহী প্রকৌশলী তুষার কান্তি সাহাকে দায়ী করেন।
এ ব্যাপারে তুষার কান্তি সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুত সড়কটি সংস্কারের চেষ্টা চালানো হচ্ছে।
জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, সড়কটি সংস্কারের জন্য এখনও টাকা ছাড় করা হয়নি।
গত শতকের আশির দশকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নির্মাণ কাজ শুরু হয়। ’৯৭ সালে রাস্তাটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামটি ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের বিকল্প ও প্রশিক্ষণ ম্যাচের ভেন্যু নির্ধারিত হওয়ায় সড়কটি চার লেন করা হয়।
বিশ্বকাপ ক্রিকেটের আগে লিংকরোডের সাইনবোর্ড মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত প্রায় ৬ কিলোমিটারের কাজ শেষ হয়। এরপর হয় আরো এক কিলোমিটার। বেহাল পড়ে আছে এক কিলোমিটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১৪ ঘ.
bdnews24