শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা ও সামরিক সহযোগিতা নিয়ে প্রথমবারের মতো আলোচনায় বসছেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।
তিনি বলেন, “সত্যিকার অর্থে আমাদের মধ্যে গভীর সামরিক সম্পর্ক আছে।”
আগামী ১৯ এপ্রিল এ সংলাপ হবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সামরিক বাহিনী ও নিরাপত্তা বিষয়ক সহকারী সেক্রেটারি অ্যান্ড্রু শাপিরোর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আসছে। বাংলাদেশের পক্ষ থেকেও একই ধরনের একটি দল সংলাপে অংশ নেবে।
“দিনব্যাপী সংলাপে আমরা সামরিক সহযোগিতা, নিরাপত্তা সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব।”
ড্যান মজিনা বলেন, “আমি আশা করছি এ বছর এটা ঢাকায় হচ্ছে এবং পরবর্তী বছর এটা ওয়াশিংটনে হতে পারে। এটা সামরিক সম্পর্কের একটি পর্যালোচনা।”
তিনি বলেন, নিরাপত্তা সামর্থ্য বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
গত ৬ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সংলাপে যোগ দেবে যুক্তরাষ্ট্র সরকার।
এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের প্রশংসা করেন তিনি।
গত মার্চের শুরুর দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফ্রান্সিস জে উইয়েরসিনস্কি বলেন, পারস্পরিক সহযোগিতার জন্য বাংলাদেশের সঙ্গে সেনাবাহিনী পর্যায়ে জোরালো সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র।
সেনাপ্রধান মো. আব্দুল মুবিন মার্কিন সেনাদের জন্য জঙ্গল প্রশিক্ষণেরও প্রস্তাব দিয়েছেন বলে জানান উইয়েরসিনস্কি।
যৌথ কমিশন
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কমিশনের বৈঠক একটি ‘চমৎকার ধারণা’। যেসব বিষয়ে মতৈক্যে পৌঁছানো যায়নি সেগুলো এখানে আলোচনা করা যায়।
“এটা আমাদের সম্পর্ককে একটি কৌশলগত নির্দেশনা দেবে।”
ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যৌথ কমিশনের বৈঠকের প্রস্তাব দেওয়ার পাশাপাশি দুই দেশের সম্পর্কের বার্ষিক পুনর্মূল্যায়নের আহ্বান জানান।
মজিনা বলেন, “১৯ এপ্রিলের বৈঠকে শুধু একটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। তবে যৌথ কমিশনের বৈঠকে আমরা সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করতে পারি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২০৩৪ ঘ.
bdnews24