ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট অফিসার মো. শরিফুল হককে সামরিক মর্যাদায় সোমবার ঢাকা সেনানিবাসের বিএএফ শাহীন কবরস্থানে দাফন করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর ওই প্রশিক্ষণ বিমানটি রোববার টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা গ্রামে একটি ধানক্ষেতে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে এর দুই আরোহী পাইলট অফিসার মো. শরিফুল হক ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মামুনুর রশীদকে উদ্ধার করে ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেক পর সেখানে শরীফুলের মৃত্যু হয়।
মামুনুর রশীদ বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাফনের আগে বিএএফ ঘাঁটি কুর্মিটোলায় পাইলট শরিফুলের জানাজা অনুষ্ঠিত হয়।
এতে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ, নিহতের বাবা মো. ফজলুল হকসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
শরিফুল ১৯৯০ সালের ১৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালে বিমান বাহিনীতে ৬১তম ফ্লাইট ক্যাডেট কোর্সে যোগ দেন এবং ২০১০ সালের জুনে জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/১৮২২ ঘ.
bdnews24