২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ড. টনি ট্যান কেং ইয়াম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ড. টনি ট্যান কেং ইয়াম। সিঙ্গাপুরের প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠকে এই আশ্বাস দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত রাষ্ট্রপতি সোমবার দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। জিল্লুর রহমান গত ২ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান। আগামী ১০ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির প্রেসসচিব এ কে এম নাসের উদ্দিন ভুঁইয়া স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ করে ‘ওয়াটার ট্রিটমেন্ট’ খাতে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছেন। বিনিয়োগ উৎসাহিত করতে সিঙ্গাপুরে বাংলাদেশের উদ্যোগে সেমিনার আয়োজনের পরামর্শও দেন ট্যান কেং ইয়াম। ভবিষ্যতে দুদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো গভীর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাক, ওষুধ, সিরামিকস, পাট ও চামড়াজাত পণ্য আমদানির জন্য সিঙ্গাপুর সরকারের প্রতি আহ্বান জানান। সিঙ্গাপুরের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তাতে তিনি সম্মতি দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৮০৭ ঘ.