ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার প্রতিশ্রুতি দিলেও সরকারগুলো ধারাবাহিকভাবে তা ভঙ্গ করে আসছে বলে হতাশা প্রকাশ করা হয়েছে রাজধানীর এক আলোচনা সভায়।
সিরডাপ মিলনায়তনে ‘বিকেন্দ্রীকরণ ও জাতীয় বাজেটে স্থানীয় সরকার’ শীর্ষক ওই সভায় সব বক্তাই বলেন, স্থানীয় শাসন ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন না হলে দেশের সুষম উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।
গভর্নেন্স এডভোকেসি ফোরাম আয়োজিত এই সভায় জাতীয় বাজেট প্রণয়ন ও বরাদ্দের বিষয়ে সাতটি সুপারিশ জানানো হয়।
সুপারিশমালায় রয়েছে- আগামী অর্থবছরে বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বরাদ্দ ৫ শতাংশ করা, ভূমি হস্তান্তর করের ১০ শতাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দেওয়া, স্থানীয় সম্পদের সুনির্দিষ্ট অংশের রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া, জেলা বাজেট প্রণয়ন ইত্যাদি।
সভায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান টুলু অপ্রতুল বরাদ্দের কথা তুলে ধরে বলেন, “স্থানীয় সরকারকে জাতীয় সরকার গুরুত্বহীন মনে করায় এর উন্নয়নের কোনো কর্মসূচি গ্রহণ করে না। নির্বাচনের আগে সব রাজনৈতিক দলই স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়ে প্রতিশ্রুতি দিলেও তা কখনোই বাস্তবায়ন হয় না।”
সভার বক্তারা জাতীয় বাজেটে স্থানীয় সরকারের প্রতি অবহেলার নানা দিক তুলে ধরে বলেন, এতে সার্বিকভাবে বঞ্চনার স্বীকার হতে হয় সাধারণ মানুষকে।
পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, “শাসন ব্যাবস্থার কাঠামোগত পরিবর্তন না হলে স্থানীয় সরকারের মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের উন্নয়ন হয় স্থানীয় পর্যায়ে, তাই তাদের বঞ্চিত রেখে দেশে সুষম উন্নয়ন সম্ভব নয়।”
জাতীয় বাজেটে স্থানীয় সরকারের প্রতি বৈষম্য তুলে ধরে তিনি বলেন, “স্থানীয় পর্যায়ে উন্নয়নের জন্য জাতীয় বাজেটের পুনর্বিন্যাস করা প্রয়োজন। বাজেট প্রণয়ন, বাজেট বরাদ্দ এবং এ সংশ্লিষ্ট কর্মসূচির বাস্তবায়ন যথেষ্ট না হলে স্থানীয় পর্যায়ের উন্নয়নের লক্ষ্য অর্জিত হবে না।”
স্থানীয় সরকারের ক্ষমতায়নে আমলাতন্ত্রকে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, “আমলাতন্ত্রের কারনে রাজনৈতিক কর্তৃপক্ষ দৃঢ়ভাবে উপস্থাপিত হতে পারে না। বাজেট বাস্তবায়নে আমলাদের কর্তৃত্ব থেকে যায়। অর্থ মন্ত্রীদের মাধ্যমে বিতরণ করা হলেও আমলারা পরামর্শদাতা হিসেবে থাকেন।”
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, “স্থানীয় সরকার স্বয়ংসম্পূর্ণ হলে স্বাধীনভাবে চলাচল করতে পারে। সংসদ সদস্যদের উপজেলার ওপর কর্তৃত্বে জড়ানোটা ঠিক হবে না।”
সভায় আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ফয়জুর রহমান ফকির, বিরোধীদলীয় সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৭৫৮ ঘ.
bdnews24