বাগেরহাট, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে ‘নিষিদ্ধ পল্লীতে’ বিক্রির অভিযোগে স্বামীসহ দুই সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আবুল বাশার মুন্সী সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
একইসঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাঁতি গ্রামের শাহাদাৎ মোল্লার ছেলে দাউদ মোল্লা, তার সহযোগী একই গ্রামের ধলা মিঞা বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস এবং নড়াইল জেলার চচুড়ি গ্রামের আব্দুল মাজেদ মোল্লার মেয়ে মিতা ওরফে রিনা ওরফে নূরী ওরফে নূর জাহান।
বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাউদ ১৯৯৭ সালের ৩০ অক্টোবর স্ত্রী রীনা বেগমকে সিনেমা দেখানোর কথা বলে প্রথমে খুলনায় এবং পরে যশোরে নিয়ে যায়। এসময় তার সঙ্গে সহযোগী হাসানও ছিলেন।
একপর্যায়ে দাউদ রীনাকে যশোরে ‘নিষিদ্ধ পল্লী’র বাসিন্দা মিতার কাছে ৬০ হাজার টাকায় বিক্রি তারা পালিয়ে যান।
ওইদিন সন্ধ্যায় পুলিশ ‘নিষিদ্ধ পল্লী’ থেকে রীনাকে উদ্ধার করেন এবং পরদিন রীনা কুলিয়া গ্রামে বাপের বাড়ি ফিরে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেন।
১৯৯৮ সালের ৬ জানুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৩২ ঘ.
bdnews24