গাইবান্ধা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুটির মাসহ চার জন।
সোমবার সকাল সাড়ে ৫টার এই ঘটনার পর জনতার অবরোধে ঢাকা-রংপুর সড়কে দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
বচসার এক পর্যায়ে ঢাকা থেকে গাইবান্ধাগামী সৈকত পরিবহনের সুপাভাইজার ও বাসচালকের সহকারী ওই যাত্রীদের ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় বলে পুলিশ জানিয়েছে।
মহাসড়ক পুলিশের গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদুজ্জামান তৌহিদ সাংবাদিকদের বলেন, চার জনকে ধাক্কা দিয়ে নামিয়ে দিলে তাদের এক জনের কোলে থাকার তিন বছরের শিশুটি সড়কে ছিটকে পড়ে মারা যায়।
নিহত শিশুটির নাম আসলাম, সে জয়পুরহাট জেলা সদরের কাদুয়া ঢোলপাড়া গ্রামের সুজন মিয়ার ছেলে।
আহতরা হলেন- আসলামের মা হাজেরা বেগম (৪০), খালা সাহিদা বেগম (৪৫), খালাত ভাই আবুল কালাম (১৫) ও নানা আব্দুর কাদের হাওলাদার (৭০)। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা পুলিশকে জানিয়েছে, ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার জন্য তারা সায়দাবাদ বাস টার্মিনালে অপেক্ষা করছিলেন। জয়পুরহাট যাওয়ার কথা বলে তাদের বাসে তোলে সৈকত পরিবহনের সুপারভাইজার।
তারা বলেন, বাসে ওঠার পর তারা জানতে পারে এটি জয়পুরহাট যাবে না। তখন সুপারভাইজার আশ্বাস দেয়, মোকামতলা এলাকায় জয়পুরহাটগামী বাসে তাদের তুলে দেওয়া হবে। কিন্তু মোকামতলা ছেড়ে আসার পর এ নিয়ে তর্কাতর্কি বাঁধলে গোবিন্দগঞ্জ উত্তর বাসস্ট্যান্ডে তাদের ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা তৌহিদ জানান, বাসটি ওই যাত্রীদের ফেলে দিয়েই চলে যায়। এই ঘটনার পরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করে।
পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে সকাল ৭টায় জনতাকে সড়ক থেকে তুলে দেয়।
ময়না তদন্তের জন্য লাশটি গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৫ ঘ.
bdnews24