ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম আদমশুমারিতে দেশের ৩ দশমিক ৯৭ শতাংশ মানুষ গণনা থেকে বাদ পড়েছে বলে মনে করছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস।
এই ভুল সংশোধন করে আগামী জুন মাসের মধ্যে জনসংখ্যার চূড়ান্ত হিসাব প্রকাশ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
সোমবার পরিসংখ্যান ব্যুরো ও বিআইডিএসের এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গত বছর জুলাইয়ে এই আদমশুমারির প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, বর্তমানে মোট জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার, যা ধারণার চেয়ে কম বলে বিস্ময় প্রকাশ করেন অনেকেই।
আদমশুমারির তথ্য যাচাইয়ের দায়িত্বে থাকা বিআইডিএসের মহা পরিচালক ড. মুস্তফা কে মুজেরি সংবাদ সম্মেলনে বলেন, তাদের মূল্যায়নে শুমারিতে ৩ দশমিক ৯৭ শতাংশ মানুষ কম গণনা হয়েছে। গণনার প্রাথমিক ফলের সঙ্গে এই পরিমাণ যোগ করলেই জনসংখ্যা বেড়ে যাবে আরো ৫৭ লাখ।
তবে এ ভুল ২০০১ সালের আদমশুমারির তুলনায় কম। সেবার ৪ দশমিক ৯৮ শতাংশ ভুল হয়েছিল বলে তিনি জানান।
সব হিসাব চূড়ান্ত করার পর জনসংখ্যার হিসেব আরো বাড়বে জানিয়ে পরিসংখ্যান ব্যুরোর মহা পরিচালক মো. শাজাহান আলী মোল্লা বলেন, “গণনার হিসাব শেষ করার পর এই ৩ দশমিক ৯৭ শতাংশ যোগ করে আগামী জুনের মধ্যে চূড়ান্ত ফল ঘোষণা করা যাবে বলে আশা করছি আমরা।”
গত বছর ১৫ থেকে ১৯ মার্চ সারা দেশে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা হয়। পরিসংখ্যান ব্যুরোর কর্মীরা ওই সময় বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এরপর তা বিআইডিএসকে যাচাই করার জন্য দেওয়া হয়।
১০ থেকে ১৪ এপ্রিল বিআইডিএসের কর্মীরা বাছাই করা ২৮০টি এলাকার ৩৩ হাজার ৬০০ বাড়িতে গিয়ে আদমশুমারি থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করেন।
২৮০টি এলাকার মধ্যে ১৪০টি পল্লী এলাকা, ২০টি উপজেলা সদরে, ৬০টি পৌরসভায় এবং ৬০টি সিটি করপোরেশন এলাকায়। এর মধ্যে পৌরসভা এলাকায় ভুলের হার সবচেয়ে বেশি ৫ দশমিক ২৬ শতাংশ।
গত বছর ১৬ জুলাই ঘোষিত প্রাথমিক ফল অনুযায়ী, দেশের জনসংখ্যা বৃদ্ধির হার এখন ১ দশমিক ৩৪ শতাংশ, যা ১০ বছর আগের চেয়ে শূন্য দশমিক ২৪ শতাংশ কম। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯৬৪ জন।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে দেশে প্রথম আদম শুমারি হয়েছিলো। তখন প্রাথমিক ফলাফলে জনসংখ্যা ৭ কোটি ১৮ লাখ দেখা গেলেও চূড়ান্ত ফলাফলে তা বেড়ে ৭ কোটি ৬৪ লাখ হয়।
আর ২০০১ সালে চতুর্থ আদমশুমারিতে দেশের মানুষের সংখ্যা ছিলো ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার। ঘনত্ব ছিলো প্রতি বর্গকিলোমিটারে ৮৩৪ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/জেকে/১৫১৩ ঘ.
bdnews24