বন, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর-রুনি হত্যাকারী গ্রেপ্তারে গণমাধ্যমকর্মীদের কর্মসূচি স্থগিতের সমালোচনা করেছেন জার্মানপ্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা।
গণমাধ্যম থেকে যেন বিষয়টি হারিয়ে যাবে আশা প্রকাশ করে তারা বলেছেন, গণমাধ্যম ‘যথাযথ’ দায়িত্ব পালন না করলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদ ও কর্মসূচির প্রচারণা অব্যাহত রাখা হবে।
রোববার জার্মানির মুনসেন গ্লাডবাখে বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন।
সাগর সরওয়ার ও মেহেরুন রুনীর হত্যাকারী গ্রেপ্তার দাবিতে ৮ এপ্রিল বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে এ কর্মসূচি পালন করা হয়; যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আশ্বাসের প্রেক্ষিতে সাংবাদিক নেতারা এ কর্মসূচি আগামী ৫ মে পর্যন্ত স্থগিতের ঘোষণা দেন শনিবার।
বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থী রাশেদুল আলম বলেন, “দেশের প্রশাসন জানুক প্রতিবাদ করার জন মানুষ আছে। প্রচলিত গণমাধ্যম যে ভূমিকা পালন করুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রতিবাদ কর্মসূচির প্রচারণা চালিয়ে নিতে হবে।”
আরেক শিক্ষার্থী আসিফ হায়দার বলেন, “সাগর-রুনির হত্যাকাণ্ডের যদি বিচার না হয়- তাহলে দেশে কথা বলার মানুষ হারিয়ে যাবে। আর কেউই সাহস করে কথা বলবে না।”
ভারতীয় শিক্ষার্থী কালপেশ জৈন বলেন, “আমি এর আগে এ ধরনের কোনও কর্মসূচিতে অংশ নিইনি। কিন্তু আজকে মানবিক দিক চিন্তা করে আমি আজকের এ কর্মসূচিতে এসেছি।”
সৌরভ মাহমুদ নামে আরেক বাংলাদেশি শিক্ষার্থী বলেন, “আমার বাবা একজন সাংবাদিক। আমার বাব-মার ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটতে পারত। আমার ছোটবোনের পরিণতিও কি মেঘের মতো হতে পারে?”
গত ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর রাজাবাজারের বাসা থেকে সাগর-রুনির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।
ঘটনার পর থেকে প্রবাসীরা হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে জার্মানিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে।
জার্মানির আন্তর্জাতিক প্রচার মাধ্যম ডয়চে ভেলেতে তিন বছর কাজ করে গত বছরের মাঝামাঝি দেশে ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/পিডি/২৩০৮ ঘ.
bdnews24