২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের সময় বেঁধে দেওয়া হয়নি: আইজিপি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্তে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

কুমিল্লা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্তে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। কুমিল্লায় এক সুধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সুনির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে তদন্ত চালানো সম্ভব নয়। অনেক সময় সফলতা অল্প সময়ে আসে, অনেক সময় তাৎক্ষণিকভাবে আসে। সাংবাদিক সাগর-রুনি হত্যার তদন্তে পুলিশ সময় নিচ্ছে ঠিকই। তবে পুলিশ এক্ষেত্রে আন্তরিক এবং আশাবাদী ।” “সাগর রুনি হত্যার তদন্ত সর্ম্পকে কোনো টাইমফ্রেম দেওয়া হয়নি।” কুমিল্লা পুলিশ লাইনে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে এক সুধী সমাবেশে আইজিপি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। হাসান মাহমুদ খন্দকার।বলেন, “সাগর-রুনির হত্যা মামলার তদন্ত সর্ম্পকে কথা বলা আমার জন্য অসুবিধা। কেননা এটার একটা আইনী সীমাবদ্ধতা আছে।” বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারে নিজের বাসায় খুন হন। খুনি সনাক্ত এবং গ্রেপ্তার না হওয়ায় ধারবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে সাংবাদিকরা। সাংবাদিক দম্পতি এবং সৌদি কূটনীতিক খালাফ আল আলী হত্যা মামলা পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে আইজিপি বলেন, “এতটুকু বলতে পারি আমি আশাবাদী।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩৬ ঘ.