ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন শিল্প বিকাশে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে দেশে আন্তর্জাতিক মানের পর্যটন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
তবে সরকারি নয়, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় গড়ে তোলা হবে এই বিশ্ববিদ্যালয়।
শুক্রবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ট্রাভেল মার্ট -২০১২’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “পর্যটন শিল্প বিকাশে আমাদের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন। বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ১০টি বিশ্ববিদ্যালয়ে হোটেল ব্যবস্থাপনা ও পর্যটন বিষয়ে কোর্স চালু রয়েছে জানিয়ে তিনি বলেন, “এরপরেও সরকার মনে করছে শুধু পর্যটন বিষয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন।”
সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় পর্যটন বিষয়ে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, “ইতোমধ্যে কয়েকজন উদ্যোক্তার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি, কয়েক মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়ে যাবে।”
তিনি জানান, পর্যটন নিয়ে বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে এরইমধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হয়েছে।
এছাড়া কক্সবাজার ও কুয়াকাটায় দেশি ও বিদেশি পর্যটকদের জন্য বিশেষ পর্যটন এলাকা স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, পর্যটনের প্রসার ও এ বিষয়ে প্রচারণা বাড়াতে প্রতিমাসে অন্তত একটি পর্যটন বিষয়ক মেলা আয়োজন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘দ্য বাংলাদেশ মনিটর’র সম্পাদক কাজী ওয়াহিদুর আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাবস্থাপনা পরিচালক মো. জাকিউল ইসলাম, ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে মেলার স্টলগুলো পরিদর্শন করেন পর্যটনমন্ত্রী।
ভ্রমণ বিষয়ক পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’ আয়োজিত এ আন্তর্জাতিক পর্যটনমেলায় বাংলাদেশসহ সাতটি দেশের ৫০টি সংস্থা অংশ নিয়েছে। মেলায় ৪৫টি স্টল ছাড়াও ১৩ টি প্যাভিলিয়ন রয়েছে।
এ মেলা আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।
মেলায় বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্টসহ আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা চলাকালীন সময়ে দর্শনার্থীরা ছাড়ে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মুল্য ২০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/২৩৫২ ঘ.
bdnews24