২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বাহিনী কর্মকর্তার দাফন সম্পন্ন

চট্টগ্রামে হোটেল কক্ষ থেকে উদ্ধার করা বিমানবাহিনী কর্মকর্তার লাশ রাজধানীর তেজগাঁও বিমানবাহিনীর কবরস্থানে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে হোটেল কক্ষ থেকে উদ্ধার করা বিমানবাহিনী কর্মকর্তার লাশ রাজধানীর তেজগাঁও বিমানবাহিনীর কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার আসর নামাজের পর বিমানবাহিনী সদর দপ্তরে স্কোয়াড্রন লিডার মামুনুর রশীদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বিমানবাহিনীর কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকালে ময়নাতদন্ত শেষে চট্টগ্রামে মামুনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের সিলভার ইন হোটেলের ২১৩ নম্বর কক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে স্কোয়াড্রন লিডার মামুনের লাশ উদ্ধার করা হয়। আনোয়ারার তালসরা দরবার শরিফে টাকা লুটের ঘটনায় অভিযুক্ত বিমান বাহিনীর এক কর্মকর্তার বিভাগীয় তদন্ত করতে তিনি বন্দরনগরীতে গিয়েছিলেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবাহিনী কর্মকর্তার লাশ তার ছোটভাই মকসুদুল হাসান রাসেলের কাছে হস্তান্তর করা হয়েছে।” আগামী সাতদিনের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যাবে বলেও জানান তিনি। লাশ উদ্ধারের পর র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক জিয়াউল আহসান জানিয়েছিলেন, বিমান কর্মকর্তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২২০৫ ঘ.