নারায়ণগঞ্জ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাত আখ্যা দিয়ে নিটিং কারখানার মালিক ও তার তিন সহযোগীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সস্তাপুর এলাকার মিজান (৩৫) ও রফিকুল (৩১)।
ঘটনার দুই ঘণ্টা পর শুক্রবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর মহল্লায় আহত নিটিং কারখানার মালিক জুয়েল শেখ (৩২) ও তার সহযোগীদের উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ সস্তাপুর এলাকার মিজান (৩৫) ও রফিকুলকে (৩১) আটক করেছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আবুল বাশার জানান, ঢাকার বংশাল এলাকার জুয়েল শেখ কয়েক মাস আগে একটি নিটিং কারখানা স্থাপনের জন্য অগ্রীম চার লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাড়ার চুক্তিতে ফতুল্লার সস্তাপুর মহল্লায় মিজানের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। তবে ফ্ল্যাটে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না দেওয়ায় বেশ কিছুদিন ধরে জুয়েল অগ্রীম টাকা ফেরত দিতে চাপ দিচ্ছিলেন।
পরবর্তীতে স্থানীয় সালিশে অগ্রীম চার লাখ টাকার মধ্যে তিন লাখ টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
তবে শুক্রবার জুয়েলসহ তার সহযোগী বিল্লাল (২৮), হাওলাদার (২৭), আবুল কালাম (২৮) ওই ফ্ল্যাটে নিটিংয়ের মেশিন আনতে গেলে মিজান ও তার সহযোগী রফিকুলসহ অন্যরা তাদেরকে ডাকাত আখ্যা দিয়ে ঘরের মধ্যে আটকে বেদম প্রহার করে বলেও জানান পুলিশ কর্মকর্তা আবুল বাশার।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জুয়েলসহ অন্যদের উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২০৪৫ ঘ.
bdnews24