নয়া দিল্লি, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাপমোচন নৃত্যনাট্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার দিল্লিতে শুরু হয়েছে রবীন্দ্রনাথের জন্মের সার্ধশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজন।
প্রথম দিনের অনুষ্ঠানে দিল্লির কামানি মিলনায়তনে বাংলাদেশের পল্লবী নৃত্য একাডেমীর শিল্পীরা কবিগুরুর নৃত্যনাট্য শাপমোচনের মঞ্চায়ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত সরকারের সংস্কৃতি সচিব সংগীতা গৈরলা। বিশেষ অতিথি ছিলেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারেক আহমদ কবির। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সঞ্জীব মিত্তাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ঢাকায় রবীন্দ্রনাথের জন্মের সার্ধশত বার্ষিকীর যৌথ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারিও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।
গত বছর ভারতের বিভিন্ন সংগঠন ও শিল্পীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠান করেন। এ বছর বাংলাদেশের শিল্পীরা অনুষ্ঠান করছেন।
যৌথ আয়োজনের অংশ হিসাবে শনিবার ‘মুক্তধারা’ নাটকটির মঞ্চায়ন করবে বাংলাদেশের নাট্যদল থিয়েটার। এ ছাড়া বাংলাদেশের মণিপুরি থিয়েটার আগরতলা ও শিলচরে পরিবেশন করবে ‘দেবতার গ্রাস’। বাংলাদেশের আরও একটি সংগঠন শিলং ও আগরতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৩৫ ঘ.
bdnews24