রাঙামাটি, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে এক সড়ক দুর্ঘটনায় বাসের ড্রাইভারসহ কমপক্ষে চার জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস রাঙামাটির বেতার কেন্দ্রের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুইশ’ ফুট নিচে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
রাঙামাটির কোতোয়ালী থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে চার জন নিহত হন।
নিহতরা হলেন- বাসটির চালক আব্দুল মান্নান, যাত্রী কাইয়ুম ও শহীদ। অপর বাসযাত্রীর পরিচয় জানা না গেলেও তিনি পাহাড়ি বলে জানান ওসি।
আহত ৩৩ জনের মধ্যে রাঙামাটি আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন এবং গুরুতর আহত অপর ১৫ জনকে চট্টগ্রামে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দুই ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলে উল্লেখ করে ওসি দুর্ঘটনাস্থলে আর কেউ নেই বলে নিশ্চিত করেন।
দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ সর্বস্তরের মানুষ উদ্ধার কাজে অংশ নেয়। রাঙামাটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন।
তবে বাসটি দুঘর্টনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০৪৬ ঘ.
bdnews24