২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নিজ কার্যালয়ে আইনজীবীর মৃতদেহ

সিলেটর নগরীর উপশহরে নিজ কার্যালয় থেকে এক আইনজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

সিলেট, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটর নগরীর উপশহরে নিজ কার্যালয় থেকে এক আইনজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত মোদাব্বির হোসেন (৪২) সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ইউনাইটেড প্রফেশনাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উপশহর মেইন রোডের এ ব্লকের ৩৫ নং বাসায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের মেঝেতে তার লাশ পাওয়া যায়। মৃতদেহের গলায় ছোট দৈর্ঘ্যরে একটি দড়ি বাঁধা ছিল। শাহপরাণ থানার সহকারী কমিশনার (এসি) শংকর কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তিনি অফিসে তার গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর পর থেকে তার অফিস কক্ষের দরজা বন্ধ পাওয়া যায়।” রাত সাড়ে ৮টার দিকে অফিসের দায়িত্বে থাকা সোহেল আহমদ চাবি দিয়ে দরজার তালা খুলে গলায় একটি দড়ি বাঁধা অবস্থায় মোদাব্বিরের লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান পুলিশ কর্মকর্তা। পুলিশ ঘটনাস্থলে যায় সোহেলের কাছ থেকে খবর পেয়ে। এসি শংকর বলেন, “কীভাবে খুনের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।” মোদাব্বিরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের আফরোজ আলীর ছেলে মোদাব্বির নগরীর বিলপাড় এলাকার ১০ নম্বর বাসায় স্বপরিবারে থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৪৫ ঘ.