২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে মারধর

প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের এক সাংবাদিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঠাকুরগাঁও, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের এক সাংবাদিক। দৈনিক করতোয়া ও স্থানীয় দৈনিক লোকায়নের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি রমজান আলীকে বুধবার বিকালে রড দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’দিন আগে করতোয়া ও লোকায়নে ‘বালিয়াডাঙ্গীতে দুস্থ মহিলাদের নামে বরাদ্দ করা ভিজিডির চাল উদ্ধার, গুদাম সিলগালা’ শিরোনামে সংবাদ ছাপা হয়। তার জের ধরে এই হামলা হয়েছে বলে রমজান আলী দাবি করেছেন। তিনি দুজনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় বৃহস্পতিবার একটি মামলা করেছেন। থানার ওসি শামীম হাসান সরদার সাংবাদিকদের বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রমজান আলী সাংবাদিকদের বলেন, ওই সংবাদ প্রকাশের পর থেকে সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে আসছিল। “বুধবার বিকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বাহার ও ফজলুসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়, তারা আমাকে রড দিয়ে পেটায়,” বলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, রমজান আলীর হাত, পা, গলাসহ শরীরের বিভিন্ন স্থান আঘাতের কারণে থেতলে গেছে। বালিয়াডাঙ্গীর ইউএনও মনিরুজ্জামান, এএসপি (সার্কেল) সাইদুর রহমান রাতে রমজান আলীকে দেখতে যান। রমজান আলীর ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বালিয়াডাঙ্গী শহীদ মিনারে সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.