ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করতে চাওয়ায় একটি মানবাধিকার সংস্থার এক কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে।
ওই থানার উপ-পরিদর্শক মো. ইউসুফের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়াম্যানের কাছে বুধবার লিখিত অভিযোগ করেছেন বেসরকারি সংস্থা জাস্টিস মেকারস বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম।
অভিযোগে তিনি বলেছেন, ঘুষ গ্রহণ এবং এক বন্দিকে নির্যাতনের অভিযোগে জাস্টিস মেকারসের পক্ষে নওগাঁ জেলার কারা তত্ত্বাবধায়ক, বদলগাছি থানার সাবেক ওসিসহ নয় জনের বিরুদ্ধে নওগাঁর আদালতে একটি মামলা করেছিলেন তিনি। সেই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য মঙ্গলবার সন্ধ্যায় তিনি আরেকজন আইনজীবীকে নিয়ে মোহাম্মদপুর থানায় যান।
“কিন্তু থানায় ওই সময় দায়িত্বে থাকা ইউসুফ জিডি না নিয়ে তা ছুঁড়ে ফেলে দেন। আমি তাকে আবেদনটি ভালোভাবে পড়ার অনুরোধ করলে তিনি রেগে গিয়ে গালিগালাজ করতে থাকেন এবং এক পর্যায়ে জামার কলার ধরে টেনে লকআপে ঢোকানোর চেষ্টা করেন”, বলেন অ্যাডভোকেট শাহানূর।
এ সময় সঙ্গে থাকা অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের চেষ্টায় তিনি ওই উপ পরিদর্শকের হাত থেকে মুক্তি পান বলে শাহনূর জানান।
তিনি বলেন, পরে ওই রাতেই থানার আরেক উপ-পরিদর্শক আফজাল হোসেন জিডিটি গ্রহণ করেন এবং ‘অনাকাঙ্খিত’ ঘটনার জন্য থানার ওসি মাহামুদুল ইসলাম তার কাছে ক্ষমা চান।
এই ঘটনাকে ‘মানবাধিকারের চরম লঙ্ঘন’ হিসাবে উল্লেখ করে উপ-পরিদর্শক মো. ইউসুফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শাহনূর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ডাকযোগে বাংলাদেশ মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ পাঠিয়েছেন তিনি। এ অভিযোগের অনুলিপি ঢাকা আইনজীবী সমিতিতেও দাখিল করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপ-পরিদর্শক মো. ইউসুফ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের বিরুদ্ধে জিডি নিতে গেলে কিছু নিয়ম কানুন মানতে হয়। জিডিটি সংশোধন করতে বলা হলে তিনি (শাহনূর) ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে সামান্য বাক বিতণ্ডা হয়। তবে লকআপে ঢোকানোর কোনো ঘটনা ঘটেনি।”
“ওসি পুরো বিষয়টি জানেন। উনি যে একজন মানবাধিকার কর্মী তা আমি বুঝতে পারিনি”, যোগ করেন এই উপ পরিদর্শক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪৪১ ঘ.
bdnews24