২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের টাকাসহ বিদ্যুৎ কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থেকে পল্লীবিদ্যুতের এক কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান থেকে পল্লীবিদ্যুতের এক কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব। দুর্নীতি দমন কমিশনের সহায়তায় ঘুষের ১০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। বুধবার রাত পৌনে ৮টায় রাউজান পৌরসদরে রাউজান পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয় থেকে ওই কর্মকর্তাকে আটক করা হয়। আটক প্রকৌশলী মোহাম্মদ ছলিম উদ্দিন রাউজান পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম)। তার বাড়ি সাভারে। তিনি রাউজানে মোবাইল প্রতিষ্ঠান বাংলালিংক এর টাওয়ারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন বলে র‌্যাব-৭ এর কর্মকর্তা মেজর রাকিবুল আমিন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাউজানে বাংলালিংকের তিনটি টাওয়ারে বিদ্যুৎ সংযোগ দিতে প্রতিটির জন্য ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেন ওই বিদ্যুৎ কর্মকর্তা। বাংলালিংকের টাওয়ার নির্মাণকারী স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান হামিদা ট্রেডার্স এর কর্মকর্তা বকুল মিয়ার কাছে এ ঘুষ দাবি করা হয়। দরকষাকষির এক পর্যায়ে তা ৩০ হাজার টাকায় রফা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব কর্মকর্তা রাকিবুল বলেন, এ নিয়ে র‌্যাব কার্যালয়ে লিখিত অভিযোগ করা হলে বুধবার দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফাঁদ পেতে ছলিম উদ্দিনকে হাতেনাতে ধরা হয়। কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খলিলুর রহমান জানান, এই ঘটনায় দুদক আইনে মামলা হবে এবং দুদক ঘটনা তদন্ত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২৩১৮ ঘ.