ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী কয়েকদিন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকলেও কিছুদিন পর আবার বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা আবদুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, “ক’দিন মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বিরাজ করছে বিস্তীর্ণ অঞ্চলে। হালকা বৃষ্টি থাকায় তা কমেছে বুধবার।”
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
ঢাকা, সিলেট, রাজশাহীসহ দেশের মধ্যাঞ্চলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা ও সিলেটে পশ্চিম, উত্তম পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারো বেশি বেগে অস্থায়ী দমকা হাওয়া বা কালবৈশাখী বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি বা ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা ২১ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুয়েকটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র দুই/দিনটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বুধবার দেশের সর্বনিু তাপমাত্রা ছিল রাজশাহীতে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বোচ্চ তাপমাত্রা সর্বত্রই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৪৫ ঘ.
bdnews24