২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাচ্চু রাজাকার’ গ্রেপ্তার হননি

একাত্তরে ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত আবুল কালাম আজাদকে দুই দিন ধরে অভিযান চালিয়েও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত আবুল কালাম আজাদকে দুই দিন ধরে অভিযান চালিয়েও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বুধবারও তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে ব্যর্থ হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “বুধবারও রাজধানি এবং আশেপাশের বিভিন্ন জায়গায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়।” গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে উল্লেখ করে মনিরুল বলেন, আশা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্য তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে। যুদ্ধাপরাধের অভিযোগে মঙ্গলবার ‘বাচ্চু রাজাকারের’ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন তার উত্তরার কার্যালয় বা উত্তর খানের বাড়িতে অভিযান চালিয়েও পুলিশ তাকে পায়নি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগ রয়েছে আজাদের বিরুদ্ধে। যুদ্ধাপরাধের অভিযোগে মুজাহিদও আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১০২ ঘ.