ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াকরণ ফি আগামী ১৩ এপ্রিল থেকে পরিবর্তিত হচ্ছে।
পরিবর্তিত নিয়মে চুক্তিভিত্তিক, বণিক ও ফিয়ান্সি ভিসার ফি কমলেও বাড়ছে অন্য সব ক্যাটাগরির ফি। বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নির্ধারিত ফি অনুযায়ী পর্যটক, ব্যবসায়ী, ট্রানজিট, ক্রু সদস্য, ছাত্র, বিনিময় দর্শনার্থী ও সাংবাদিক ভিসা অর্থাৎ বি, সি, ডি, এফ, জে ও আই ক্যাটাগরির ভিসা প্রার্থীদের ফি জমা দিতে হবে ১৬০ ডলার। আগে এর পরিমাণ ছিলো ১৪০ ডলার।
পিটিশন-নির্ভর ভিসা অর্থাৎ এইচ, এল, ও, পি, কিউ ও আর ক্যাটাগরির ভিসা প্রার্থীদের ফি জমা দিতে হবে ১৯০ ডলার। আগে এজন্য ফি ছিল ১৫০ ডলার।
চুক্তি বিনিয়োগ এবং বণিক ভিসা অর্থাৎ ই ক্যাটাগরির ভিসার জন্য ফি নির্ধারিত হয়েছে ২৭০ ডলার। আগে এজন্য লাগত ৩৯০ ডলার।
এছাড়া ফিয়ান্সি ভিসা অর্থাৎ কে ক্যাটাগরির ভিসার জন্য ফি লাগবে ২৪০ ডলার। আগে এজন্য ফি ছিল ৩৫০ ডলার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফি বাড়ানো হয়েছে এমন ক্যাটাগরির ভিসার জন্য ১৩ এপ্রিলের আগ পর্যন্ত যারা অর্থ জমা দিয়েছেন বা দেবেন তার রশিদ ১৩ এপ্রিল থেকে শুরু করে আগামী ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া ‘এমআরভি’ ফি রশিদগুলো জমা দেওয়ার তারিখ থেকে আগামী এক বছর পর্যন্ত ব্যবহার করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে জানানো হয়, ভিসা ফি জমা নেওয়ার পদ্ধতিতে কোনোরকম পরিবর্তন হয়নি। নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের ‘এমআরভি’ আবেদন ফি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান এভিনিউ (পাকিস্তান দূতাবাসের বিপরীতে অবস্থিত) শাখায় জমা দিয়ে রশিদ নিতে হবে।
এছাড়া ‘সাইমন ওভারসিজ’ দ্বারা নন-ইমিগ্র্যান্ট ভিসা সাক্ষাৎকারের দিন ও সময় নির্ধারণ করার সেবাও অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান ভিসা ফিগুলো নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদন প্রক্রিয়াকরণের প্রকৃত ব্যয় মেটাতে সক্ষম নয়। বর্ধিত ফি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরকে ভিসা আবেদন প্রক্রিয়ার উন্নয়ন এবং ভিসার বর্ধিত চাহিদা পূরণে অতিরিক্ত কর্মী নিয়োগের সুযোগ করে দেবে।
যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদন করা বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে ((http://dhaka.usembassy.gov/non-immigrant_visas.html)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/পিডি/১৮২৭ ঘ.
bdnews24