২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের অনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে অনশন করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে অনশন করেছেন আন্দোলনরত শিক্ষকরা। প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে শিক্ষক সমাজ’র ব্যানারে মঙ্গলবার বেলা ১১টায় এই অনশন শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। অনশনে অংশ নেন অধ্যাপক এমএ মতিন, মোজাম্মেল হক, মানস চৌধুরী, রশীদ হারুন, শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুন, আতিকুর রহমান, সহযোগী অধ্যাপক স্বাধীন সেন, আনোয়ারুল্লাহ ভুইয়া, সহকারী অধ্যাপক হিমেল বরকত প্রমুখ। অনশন চলাকালে শিক্ষকরা কবিতা আবৃত্তি ও বক্তৃতা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে শিক্ষক সমাজের তৈরি অনুসন্ধানমূলক প্রতিবেদন পাঠ করা হয়। বক্তৃতায় শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, মিথ্যা প্রতারণায় শিক্ষার পরিবেশ নষ্ট করা বর্তমান উপাচার্যের ‘গুণাবলী’র মধ্যে অন্যতম। তিনি জ্ঞানের অনুসন্ধান না বুঝলেও ক্ষমতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আন্দোলনের ব্যাপারে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, “কয়েকজন শিক্ষক চাইলেই হবে না, বরং বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থী চাইলে পদত্যাগ করব।” গত ১৮ মার্চ থেকে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে ‘শিক্ষক সমাজ’র ব্যানারে আন্দোলন করে আসছেন বিভিন্ন দল ও মতের শিক্ষকরা। অপ্রয়োজনীয় শিক্ষক নিয়োগের প্রতিবাদ, জুবায়ের হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবির ব্যাপারে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় এ আন্দোলন শুরু করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৩৬ ঘ.