ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় আন্তজার্তিক প্রকৌশল শিল্প পণ্য এবং দ্বিতীয় আন্তর্জাতিক সৌরশক্তি ভিত্তিক পণ্য প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
আগামী ৫ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে উভয় প্রর্দশনী নিয়ে পৃথকভাবে প্রকৌশল শিল্প মালিক সমিতির (বিইআইওএ) সভাপতি আব্দুর রাজ্জাক এবং হাইড্রন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মাহমুদ এ কথা জানান।
প্রকৌশল শিল্প পণ্যের প্রদর্শনী সম্পর্কে আব্দুর রাজ্জাক জানান, দেশি-বিদেশি প্রায় ১০০টি কোম্পানি এ প্রর্দশনীতে অংশ নেবে।
প্রদর্শনীতে থাকবে হিটিং অ্যান্ড ড্রাইং, হেকস ব্লেড, হিট রিকভারি সিস্টেম, পাম্প, ওয়েল্ডিং মেশিন, প্লাটিক শিল্প, ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, প্যাকেজিং মেশিন ইত্যাদি।
ভারতীয় প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন এবং বিইআইওএ যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে।
সৌরশক্তি ভিত্তিক পণ্য প্রদর্শনী সম্পর্কে মোস্তফা মাহমুদ বলেন, “বিদ্যুৎ সংকট নিরসনে বিকল্প হিসেবে সৌর বিদ্যুৎ আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠছে। এজন্য এ খাতের প্রসারে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
প্রদর্শনীতে থাকবে সোলার স্ট্রিট লাইট সিস্টেম, সোলার হোম সিস্টেম, সোলার প্যানেল, সোলার ব্যাটারি, সোলার ফ্যান ইত্যাদি।
এতে দেশি-বিদেশি ৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে বলে আয়োজকরা জানান।
সবার জন্য উম্মুক্ত এ প্রদর্শনী চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৮১৩ ঘ.
bdnews24