নোয়াখালী, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন আহাম্মদ কিরন মারা গেছেন।
মঙ্গলবার ভোর ৫টার দিকে জেলা শহরের হাউজিং এস্টেটে নিজ বাসভবনে তিনি মারা যান। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৪৮ বছর বয়স্ক বেলাল উদ্দিন দৈনিক নোয়াখালী সময়ের সম্পাদক ও প্রকাশক ছিলেন। নোয়াখালীর আবদুল মান্নান কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করছিলেন তিনি।
কিরণ নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া রেডক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এফপিএবি-নোয়াখালী ও নোয়াখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদকসহ অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
বেলাল উদ্দিন কিরণের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারাও শোক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৭৫৫ ঘ.
bdnews24