২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় স্বস্তি

‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে স্বস্তি প্রকাশ করেছেন একাত্তরে তার হত্যাযজ্ঞের শিকারদের স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ফরিদপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে স্বস্তি প্রকাশ করেছেন একাত্তরে তার হত্যাযজ্ঞের শিকারদের স্বজনরা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। তার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সহযোগীদের নিয়ে ফরিদপুর সদর, বোয়লামারী, নগরকান্দা, মধুখালী, কামারখালীসহ বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এসব অপরাধে বাহাত্তর সালে বাচ্চুর বিরুদ্ধে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানায় মামলাও হয়েছিলো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২০ এপ্রিল সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের শহীদ চিত্ত রঞ্জন দাসের স্ত্রী জ্যোৎস্না রানী দাস ‘বাচ্চু রাজাকারের’ বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ৫ মে বাবা হত্যার বিচার চেয়ে মামলা করেন ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের শহীদ মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে ভক্ত রঞ্জন বিশ্বাস। শহীদ চিত্ত রঞ্জন দাসের ছোট সন্তান গোপাল দাস বলেন, “আমার জন্মের আগেই আমাকে পিতৃহারা করেছিলো এই বাচ্চু রাজাকার। আমি বাবার হত্যাকারীর ফাঁসি চাই।” সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম আজাদও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ছাড়া জেলার মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ আবুল কালাম আজাদের বিচার দাবি করেছেন। নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলতাফ হোসেন খান বলেন, “একাত্তরে বাচ্চু রাজাকার নিরীহ মানুষকে খুন করে যে পাপ করেছে এবার তার বিচার হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৪৭ ঘ.