ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত ফরিদপুরের আবুল কালাম আজাদকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ বিষয়ে প্রসিকিউশনের আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এই আদেশ দেয়।
বিচারক তার আদেশে বলেন, প্রসিকিউশন আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের যে আবেদন করেছে তার যৌক্তিকতা রয়েছে।
আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ঘনিষ্ঠ সহচর ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের আবেদন শোনার মধ্য দিয়ে গত ২৪ মার্চ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে দ্বিতীয় ট্রাইব্যুনাল।
আবুল কালামকে গ্রেপ্তারের জন্য নয়টি কারণ তুলে ধরে প্রসিকিউটর হায়দার আলী সোমবার ট্রাইব্যুনালকে বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সহযোগীদের নিয়ে তিনি ফরিদপুর সদর, বোয়লামারী, নগরকান্দা, মধুখালী, কামারখালীসহ বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেছেন। প্রাথমিক তদন্তে এসব অপরাধের প্রমাণ পাওয়া গেছে।”
তিনি আদালতকে বলেন, ‘বাচ্চু রাজাকার’ এলাকায় খুব প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তার পাঁচটি এনজিও রয়েছে। ওয়াজ-নসিহতের মাধ্যমে মানুষকে বশে আনার ক্ষেত্রে তার রয়েছে ‘সম্মোহনী শক্তি’।
তদন্ত চলাকালে ফরিদপুরে যারা আবুল কালামের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন- তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলেও উল্লেখ করেন প্রসিকিউটর।
ট্রাইব্যুনাল মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়ার পর প্রসিকিউটর জিয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, “আবুল কালাম আজাদকে যেদিন গ্রেপ্তার করা হবে, তার ২৪ ঘণ্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। ডিএমপি কমিশনারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের আদেশে।”
এছাড়া ‘বাচ্চু রাজাকারের’ বিরুদ্ধে যুদ্ধাপরাধের সমস্ত অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
আবুল কালাম আজাদ একাত্তরে যার সহযোগী হিসাবে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ, সেই মুজাহিদও যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। তার বিচার চলছে প্রথম ট্রাইব্যুনালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১০৫৮ ঘ.
bdnews24