সিলেট, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্কিংয়ের টাকা চাওয়ায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হামলা ও ভাংচুর চালিয়েছে ছাত্রলীগের এক দল কর্মী। এতে তিনজন আহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে বিমানবন্দরের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পার্কিংয়ের ব্যবস্থাপক রিয়াজ আহমদ ও দুই কর্মচারী আজির উদ্দিন ও আনফর আলী আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পার্কিং এলাকার ইজারাদার প্রতিষ্ঠান ফয়সল এন্টারপ্রাইজের পরিচালক ও মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের জানান, দুপুরে মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান একটি মাইক্রোবাস নিয়ে পার্কিং এলাকায় যান। এসময় পার্কিং ফি ৩০ টাকা দিতে বলা হলে তিনি নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে ফি দিতে অস্বীকৃতি জানান।
“ এ নিয়ে পার্কিং এলাকায় দ্বায়িত্বরতদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন লুৎফুর। এক পর্যায়ে লুৎফর মোবাইল ফোনের মাধ্যমে ১৫-২০ জন কর্মীকে জড়ো করে বিমানবন্দর এলাকায় ব্যাপক ভাংচুর চালান,” বলেন তিনি।
ওই সময় ক্যাশ থেকে ১৫-১৬ হাজার টাকা, দুটি মোবাইল সেট ও একটি মোটর সাইকেল লুট হয়েছে বলে দাবি করেন আসাদ ।
বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, ভাংচুরের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
তবে ছাত্রলীগ নেতা লুৎফুর সাংবাদিকদের বলেছেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না।
“ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯২৫ ঘ.
bdnews24