বেনাপোল, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পেট্রাপোল বন্দরে ট্রাকশ্রমিক ও বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর অবরোধ কর্মসূচির কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বেনাপোল চেক পোস্ট কাস্টম কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আমীর মামুন জানান, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতীয় একটি ট্রাক জব্দ করার ঘটনায় আমদানি-রপ্তানি বাণিজ্যে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে।”
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চ্যাটার্জি বলেন, গত ২১ মার্চ ষ্টিল বোঝাই তিনটি ট্রাক ভারত থেকে রপ্তানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশের সময় একটি ট্রাক ভুলক্রমে বন্দরে প্রবেশ না করে কাস্টমসের যৌথ বাঁশ কলে চলে যায়। এসময় কাস্টম ও বিজিবি ‘সন্দেহজনক’ হিসেবে ওই ট্রাকটি আটক করে।
তিনি বলেন,“ওই ট্রাকটির সব কাগজপত্র ঠিক থাকলেও ১১ দিন পরেও ট্রাকটি ছাড়েনি কাস্টম কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হলেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তারা।”
ট্রাকটি না ছাড়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কাস্টম কর্মকর্তা সাধন কুমার কুণ্ড বলেন, “ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটা সমঝোতায় আসার চেষ্টা করছি। আশা করছি, শিগগিরই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৭২৭ ঘ.
bdnews24