ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের প্রকাশক, সম্পাদক, প্রতিবেদক ও ফেনীর ১২ জন আইনজীবীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে বলা হবে না- তা জানাতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
‘পুলিশকে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসাবে গ্রহণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনীর আইনজীবীগণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেয়।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, সংগ্রাম প্রকাশক, সম্পাদক, প্রতিবেদক ও ফেনীর সংশ্লিষ্ট আইনজীবীদের ১৬ এপ্রিল আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় প্রসিকিউশন ৪৬ জনের তদন্তকালীন জবানবন্দি সাক্ষ্য হিসেবে নথিভুক্ত করার আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২৯ মার্চ ১৫ জনের ক্ষেত্রে ওই আবেদন গ্রহণ করে।
এ প্রসঙ্গে সোমবার দৈনিক সংগ্রামের তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত খবরে বলা হয়, “পুলিশের কাছে দেওয়া মিথ্যা ও বানোয়াট বক্তব্যকে সাক্ষ্য হিসাবে গ্রহণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলার বিশিষ্ট আইনজীবীগণ।
“এক বিবৃতিতে আইনজীবীগণ বলেন, সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষীকে আদালতে এসেই সাক্ষ্য দিতে হবে। আদালতে এসে না বলা পর্যন্ত কোনো বক্তব্যই সাক্ষ্য হিসাবে বিবেচিতত হবে না।....এই ধরনের বক্তব্য সাক্ষ্র হিসাবে গ্রহণের মাধ্যমে প্রমাণিত হয়, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল একটি দলীয় ট্রাইব্যুনাল।”
ফেনীর যে ১২ আইনজীবীকে তলব করা হয়েছে তারা হলেন- অ্যাডভোকেট সফিউল আলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট আশরাফুল হক ভূঁঞা, অ্যাডভোকেট মাঈনউদ্দিন, অ্যাডভোকেট মোতাছাম বিল্লাহ, অ্যাডভোকেট গোলাম সরোয়ার, অ্যাডভোকেট বেলায়েত হোসেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টো, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ও অ্যাডভোকেট মো. হাসান।
জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ দলটির শীর্ষ ছয় নেতা বর্তমানে যুদ্ধাপরাধের মামলায় কারাগারে রয়েছেন।
এর আগে ‘অবমাননাকর’ একটি প্রতিবেদনের জন্য ইংরেজি দৈনিক নিউ এইজের প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদককেও তলব করেছিল ট্রাইব্যুনাল। ওই প্রতিবেদনের মাধ্যমে ‘আদালত অবমাননা’ হলেও ‘অতীত ইতিহাস’ বিবেচনা করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না বলে উল্লেখ করা হয় ট্রাইব্যুনালের আদেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৪৩০ ঘ.
bdnews24