ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথ এলাকায় আসবাবপত্রের মার্কেটে আগুন লেগে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ২টার দিকে বসুন্ধরা সিটির উল্টোদিকে আসবাবপত্রের সার বাঁধা দোকানের একটিতে আগুন লাগে। এরপর অল্প সময়ের মধ্যে তা আপেশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
গভীর রাতে এই অগ্নিকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন রাস্তায়।
ফায়ার ব্রিগেডের ১২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে বলে শাহজাদী জানান।
তিনি বলেন, “আগুনে কেউ হতাহত হননি। তবে আসবাবপত্রের দোকান হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”
পুড়ে যাওয়া কয়েকটি দোকানের মালিক অভিযোগ করেছেন, ফায়ার ব্রিগেড কর্মীরা আসতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে বেশি।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ করতে পারেননি ফায়ার ব্রিগেড কর্মীরা। তদন্ত দলের প্রতিবেদন পেলে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে শাহজাদী জাানন।
কলাবাগান থানার উপপরিদর্শক আব্দুল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে ২০ থেকে ২২টি দোকান পুরোপুরি পুড়ে গেছে।
“টিন ও বাঁশের বেড়ার এসব দোকানে কাঠ, প্লাস্টিক ও স্পঞ্জ জাতীয় উপাদান দিয়ে আসবাবপত্র তৈরি হয়। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।”
কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল- তা জানাতে পারেননি এই পুলিশ সদস্যও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০৯৪৫ ঘ.
bdnews24