২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা জয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

মিয়ানমারেরর সঙ্গে সমুদ্রসীমা মামলায় বাংলাদেশ জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২৮ এপ্রিল সংবর্ধনা দেবে ‘নাগরিক কমিটি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারেরর সঙ্গে সমুদ্রসীমা মামলায় বাংলাদেশ জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২৮ এপ্রিল সংবর্ধনা দেবে ‘নাগরিক কমিটি’। শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া ছাড়াও বাংলাবান্দা থেকে সেন্টমার্টিন এবং তামাবিল থেকে সুন্দরবন পর্যন্ত আনন্দ অভিযাত্রাও হবে সংগঠনটির উদ্যোগে। শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সংবর্ধনার স্থান পরে নির্ধারণ করা হবে। সমুদ্রসীমা জয়ের জন্য সরকার প্রধানকে সংবর্ধনা এবং আনন্দ অভিযাত্রা করলেও জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যন্ত এই কমিটি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ নাগরিকদের মাঝে তুলে ধরার কাজ অব্যাহত রাখবে এই সংগঠন। শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীকে আহবায়ক এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফকে সদস্য সচিব করে গত ২৮ মার্চ সমুদ্র জয় উদযাপন নাগরিক কমিটি গঠন করা হয়। হোটেল রূপসী বাংলার মার্বেল গার্ডেনে রোববার বিকালে সমুদ্র জয় উদযাপন নাগরিক কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৫০১ সদস্যের কমিটির নাম প্রস্তাব করা হয়। এই কমিটির কো-চেয়ারম্যান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস বলেন, “এই সরকার নাগরিক সমাজের চেতনা ধারণ করে বলেই নির্বাচন পর্যন্ত এটাকে অনেকে টেনে নিতে বলছেন।” তবে, সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততার জন্য মাহাবুব-উল-আলম হানিফ এই কমিটির সদস্য সচিব পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। একই কারণে কমিটির সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বাংলাবান্দা থেকে সেন্টমার্টিন পর্যন্ত অভিযাত্রাটি হবে আগামী ২১ থেকে ২৪ এপ্রিল এবং তামাবিল থেকে সুন্দরবন পর্যন্ত অভিযাত্রাটি হবে ৮ থেকে ২৪ এপ্রিল। রোববারের বৈঠকের শুরুতে কাজী খলীকুজ্জমান, শিল্পী কাইয়ুম চৌধুরী, সাংবাদিক গোলাম সারওয়ার, সাবেক বিচারপতি এ এফ এম মেজবাহউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস, সাবেক কৃতি ফুটবলার কাজী সালাউদ্দিন ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানসহ ১১ জনকে কো-চেয়ারম্যান করে এবং প্রায় সব পেশার প্রতিনিধিদের নিয়ে ৫০১ সদস্যের কমিটির নাম প্রস্তাব করেন মাহাবুব-উল-আলম হানিফ। এই কমিটির মুখপাত্র কাজী খলীকুজ্জমান পরে সাংবাদিকদের জানান, কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করে পরে জানানো হবে। সংরক্ষিত নারী আসনের সাংসদ তারানা হালিম এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত উন্মুক্ত স্থানে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার পরামর্শ দেন। আ ফ ম বাহাউদ্দিন নাসিম জাতীয় সংসদ ভবণের দক্ষিণ প্লাজায় সংবর্ধনা স্থান নির্ধারণ করার কথা বলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী মহাজোট সরকারের সব সাফল্য তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, “আংশিক সাফল্য নিয়ে বেশি দূর এগুনো যাবে না।” অভিনেত্রী শমী কায়সার বলেন, “এই কর্মসূচিতে আমাদের কর্পোরেট এবং এনজিও সেক্টরকে সম্পৃক্ত করতে হবে।” অভিনেতা হাসান ইমাম এই কর্মসূচির প্রচারের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “লক্ষ রাখতে হবে- আমাদের এই খবর যেন তিনের পাতায় চলে না যায়।” কাজী খলীকুজ্জমান অনুষ্ঠানের শেষে বলেন, “প্রধানমন্ত্রীর নিরাপত্তা দরকার। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।” অনুষ্ঠানের শুরুতে হানিফ জানান, এই সংবর্ধনা অনুষ্ঠান এবং আনন্দ অভিযাত্রা উপলক্ষে প্রত্যেক জেলাসহ ঢাকার প্রতিটি এলাকায় কনসার্টের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, আইনজীবী আমিরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংবাদিক মোজাম্মেল বাবু ও আব্দুল জলিল ভুইয়া, সাংসদ শিরীন আখতার, সাবেক সাংসদ পান্না কায়সার, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা মনোয়ার, পীযূষ বন্দোপাধ্যায়, ফকির আলমগীর, আবেদ খান, সৈয়দ শামসুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১২২ ঘ.