রংপুর, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে রোববার সকালে সর্বস্তরের জনগণ ১০ মিনিট ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালন করেছে।
সকাল ঠিক ১১টায় হুইসেল বাজিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় বিভিন্ন পয়েন্টে মাইকে বেজে ওঠে দেশের গান।
শহরের সব সরকারি ও বেসরকারি অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানার কর্মকর্তা-কর্মচারী এবং সড়কে যানবাহনগুলো দাঁড়িয়ে যায়।
সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম, রংপুর নামের একটি সংগঠন এ কর্মসূচি আহ্বান করে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মহাজোট সরকার রংপুরকে দেশের ৭ম বিভাগ ঘোষণা করে। গত বছরের ৮ জানুয়ারি রংপুর সফরে এসে জিলা স্কুলের মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত রংপুরের উন্নয়ন নিজ হাতে তুলে নেওয়ার ঘোষণা দেন।
কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের কার্যক্রম এখনো চালু হয়নি।
ইতোমধ্যে বিভাগ না হয়েও নারায়নগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন হয়েছে। ইতেমধ্যে এ দু’টির নির্বাচনও সম্পন্ন হয়েছে।
সকাল ১১টায় শহরের কাচারিবাজার, জাহাজ কোম্পানি মোড়, সুপার মার্কেট মোড়, টাউন হল, শাপলা চত্বর, গ্র্যান্ড হোটেল মোড়সহ বিভিন্ন পয়েন্টে রাজনীতিবিদ,আইনজীবী, ব্যবসায়ী, দোকান কর্মচারী, সংস্কৃতিক কর্মী, পেশাজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, শ্রমিক সবাই রাস্তায় নেমে আসেন।
এসব স্থানে সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম সভাপতি এসএম পিয়াল, সহ-সভাপতি পরিমল চন্দ্র, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, অ্যাডভোকেট এম এ বাশার টিপু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসনা চৌধুরী, ডা. নুর-ই-হাসিন দিশা প্রমুখ উপস্থিত ছিলেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৭ ঘ.
bdnews24