২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দুয়ার ওসি’র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নেত্রকোনা কেন্দুয়া থানার ওসি মো. মোশারফ হোসেন এবং উপ-পরিদর্শক মো. হাসেন আলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

নেত্রকোনা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনাা কেন্দুয়া থানার ওসি মো. মোশারফ হোসেন এবং উপ-পরিদর্শক মো. হাসেন আলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে আদালতে। নেত্রকোনার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. আমিনুল হকের আদালতে রোববার মামলাটি (৬০/২০১২) দায়ের করেন কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রামের মো. শহিদুল ইসলাম। বিচারক মামলাটি গ্রহণ করে ৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। মামলাটির আইনজীবী মনোরঞ্জন সরকার মামলার বরাত দিয়ে জানান, ২০১১ সালের ২৭ জানুয়ারি মোজাফরপুর গ্রামের আব্দুল খালেক নামে এক ব্যক্তি প্রকাশ্যে খুন হন। ওই ঘটনায় মামলা করতে গেলে নিহতের বড়ভাইয়ের কাছে এ দু’জন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় চারদিন পর মামলা নথিভুক্ত করেন। এরপর অভিযোগপত্র দাখিলের আগে এ দু’জন আবারো বাদীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় ২৫ জন আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার নথিতে আরো বলা হয়, বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিলে এই ওসি ও এসআই গত ২৫ মার্চ মল্লিক মিয়া ও তার শ্যালক শহিদুল ইসলামের বাড়ি গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে তাদের মারধর করেন এবং মল্লিক মিয়াকে থানায় ধরে নিয়ে যান। পরদিন মিথ্যা মামলায় মল্লিক মিয়াকে আদালতে পাঠান। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. মোশারফ হোসেনের অফিসিয়াল মোবাইল ফোনে যোগাযোগ করলে ওসি (তদন্ত) মো. নাসিম জানান, মোশাররফ ছুটিতে আছেন। এসআই হাসেন আলীকেও যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.