২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অর্থায়ন প্রশ্নবিদ্ধ: ফরাসউদ্দিন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অর্থায়ন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের তোলা এ প্রশ্নের জবাবে সংস্থাটির বাংলাদেশ কার্যালয়ের অন্যতম শীর্ষ কর্মকর্তা বলেছেন, প্রমাণ হলে তিনি পদত্যাগ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) অর্থায়ন প্রশ্নবিদ্ধ এবং মূল্যায়ন পদ্ধতি ক্রটিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। রোববার দুর্নীতি দমন কমিশন আয়োজিত ‘দুর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা’ শিরোনামের সেমিনারে মূল প্রবন্ধে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এ কথা বলেন তিনি। তবে ফরাসউদ্দিনের এ মন্তব্য নাকচ করে টিআই’র বাংলাদেশ কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, “এটা প্রমাণ করতে পারলে আমি এ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করব।” সাবেক গভর্নর বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য একবিংশ শতাব্দির সূচনায় অনেক ইতিবাচক অর্জনের আকাশে একটি কৃষ্ণপক্ষ ২০০১-০৫ সনে পর পর পাঁচবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিঘোষিত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন শিরোপা ধারণ।” “বার্লিন নগরীতে অবস্থিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অর্থায়ন প্রশ্নবিদ্ধ ও মূল্যায়ন পদ্ধতি ক্রটিপূর্ণ হলেও কেবল ধারণাবশত হিসাব করা সর্বনিকৃষ্ট দুর্নীতিগ্রস্ত দেশের কলঙ্ক কালিমা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।” দেশের দুর্নীতির আগাম খবর প্রকাশ করে গণমাধ্যম দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখছে- এ মন্তব্য করে প্রবন্ধে বলা হয়, “তবে ঐক্যবদ্ধ মিডিয়ার কন্ঠ যত বলিষ্ঠ হতে পারত, বাংলাদেশে কেন জানি মনে হয় তেমনটি হচ্ছে না।” “ঘটে যাওয়া দুর্নীতির খবরের যেন রাজনৈতিক বিবেচনায় কম বেশি গুরুত্ব সহকারে প্রকাশ ঘটে” উল্লেখ করে সাবেক গভর্নর প্রবন্ধে বলেন, “এহেন খণ্ডচিত্রের দুর্নীতির পক্ষপাতিত্বমূলক সংবাদের ওপর ভিত্তি করেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের প্রশ্নবিদ্ধ ধারণাসূচক দিয়ে বাংলাদেশকে সর্বনিকৃষ্ট দুর্নীতিবাজ দেশ হিসাবে বহির্বিশ্বে পরিচিত করে।” ফরাসউদ্দিনের বক্তব্যের পর ড. ইফতেখারুজ্জামান বলেন, “না জেনে এই ধরণের মন্তব্য করা ঠিক নয়। আমাদের অবস্থান স্পষ্ট।” এর জবাবে সাবেক গভর্নর বলেন, “টিআইবি’র বিষয়ে আমি যে বক্তব্য দিয়েছি, তার প্রমাণ তাদেরই করতে হবে। কেননা সারা পৃথিবীতেই টিআই’র ধারণা সূচক নিয়ে হৈ চৈ হচ্ছে।” সেমিনারে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। দুদক চেয়ারম্যান গোলাম রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। বার্লিন ভিত্তিক টিআই ‘ধারণাসূচকের’ ভিত্তিতে প্রতিবছর বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোকে নিয়ে একটি তালিকা প্রকাশ করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৯০১ ঘ.