ঝালকাঠী, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গেলবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ঠিক আগ মুহূর্তে র্যাবের গুলিতে পা হারান কলেজছাত্র লিমন। সেবার পরীক্ষায় অংশ নিতে না পারলেও এবার ঠিকই অংশ নিয়েছেন তিনি।
রোববার দুপুরে রিকশায় করে এসে কৃত্রিম পায়ে হেঁটে পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢোকেন দিনমজুর তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন।
কেন্দ্রে এসে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর আমার পরীক্ষা শেষ হওয়া কথা ছিলো। কিন্তু পা হারিয়ে গত বছর প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারিনি। এজন্য এ বছর প্রথম বর্ষের পরীক্ষা দিতে হচ্ছে।”
কেন্দ্রে ঢোকার আগে সবার কাছে দোয়া চান এই কলেজ ছাত্র।
পাশাপাশি তিনি বললেন, “পা হারিয়েছি। মামলার কারণে তবুও দৌড়াতে হচ্ছে আদালতে। আল্লাহ চাইলে একদিন ঠিকই দৌড়াবো। মানুষের মতো মানুষ হয়ে নিজের এক পায়েই দাঁড়াবো।”
লিমনের গ্রামের বাড়ি ঝালকাঠীর রাজাপুর উপজেলায়। কাউখালী উপজেলায় কাঁঠালিয়া পিজিএস বহুমুখী কারিগারি স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি ব্যবসা ব্যবস্থাপনা শাখায় গত বছর প্রথম বর্ষের পরিক্ষার্থী ছিলেন তিনি।
২০১১ সালের ২৩ মার্চ দক্ষিণ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দারকে ধরতে সাতুরিয়ার জমাদ্দার হাটে অভিযান চালায় র্যাব।
এ সময় র্যাবের কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হলে লিমনের পা কেটে ফেলতে হয়েছিলো।
প্রথম থেকেই লিমন দাবি করে আসছেন, মাঠে গরু আনতে মাঠে গেলে র্যাব তার কথা না শুনেই তাকে গুলি করে।
এদিকে এ ঘটনায় র্যাব লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে দু’টি মামলা করে। দুটি মামলাতেই ঝালকাঠি জেলা সদরে গিয়ে লিমনকে আদালতে হাজিরা দিতে হয়। অপরদিকে লিমনের মা হেনো-আরা বেগমও বাদী হয়ে র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন।
লিমনের মা হেনো-আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর লিমনের এইচএসরি পরিক্ষা শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু র্যাবের নিষ্ঠুরতায় তার জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে গেছে। আর একটি পা হারাতে হয়েছে চিরজীবনের জন্য।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৪০ ঘ.
bdnews24