ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিএ’র মিরপুর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক অবমুক্তিসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে আকস্মিকভাবে পরিদর্শনে যান মন্ত্রী।
সেখানে তিনি কর্মকর্তা-কর্মচারীদের ‘শেষ বারের মতো সতর্ক করে’ তিনি বলেন, “সেবা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতি সহ্য করা হবে না।”
এ সময় মন্ত্রী ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, গাড়ির ট্যাক্সের টাকা জমা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
তাদের অনেকেই বিআরটিএ’র সেবা প্রাপ্তির ক্ষেত্রে অহেতুক দীর্ঘসূত্রতার অভিযোগ করেন।
যোগাযোগমন্ত্রী তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের ডেকে এক কর্মদিবসের মধ্যে অভিযোগগুলো নিষ্পত্তির নির্দেশ দেন।
গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার চতুর্থবারের মতো বিআরটিএ’র মিরপুর কার্যালয় পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮১৪ ঘ.
bdnews24