কুষ্টিয়া, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ের মৃত্যুর মাত্র তিন সপ্তাহের মাথায় কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে সেচ প্রকল্পের প্রধান ক্যানেলের পানিতে ডুবে বন্যা (৭) ও জীবন (৬) মারা যায় বলে পুলিশ জানিয়েছে। তারা উপজেলার পৌর এলাকার জিকে বাঁধপাড়া এলাকার আলমের সন্তান।
তিন সপ্তাহ আগে আলমের স্ত্রী ও শিশু দুটির মা জান্নাত আরা’র মৃত্যু হয় বলে স্থানীয়রা জানায়।
ভেড়ামারা থানার ওসি আজম খান জানান, বন্যা ও জীবন তাদের বাড়ি পাশে সেচ প্রকল্পের প্রধান ক্যানেলের ধারে খেলা করছিল। এর কোনো এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়।
বাবা এলাকায় না থাকায় ভেড়ামারা পৌরকর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৌর গোরস্থানে দুই শিশুকে দাফন করা হয় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৬২০ ঘ.
bdnews24