২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ডাব্লিওটিও এমডি ও মালয়শিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মালয়েশিয়ার রাষ্ট্রদূত দাতো জামালউদ্দিন সাবেহ এবং বিশ্ব বাণিজ্য সংস্থা- ডাব্লিওটিও’র মহাপরিচালক প্যাসকাল ল্যামি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ার রাষ্ট্রদূত দাতো জামালউদ্দিন সাবেহ এবং বিশ্ব বাণিজ্য সংস্থা- ডাব্লিওটিও’র মহাপরিচালক প্যাসকাল ল্যামি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাতো বিদায়ী সাক্ষাৎ করেন। বৈঠকে পদ্মা সেতু নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতে ঝুলে থাকা পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগে আগ্রহী এই দেশটি। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রদূত দাতো বিদায়ের কালে আশা প্রকাশ করেছেন, দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া বাংলাদেশের মানুষ বিভিন্ন পেশায় মালয়শিয়ায় ভাল কাজ করছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান বৈঠকে ছিলেন। এরপর দুপুরে ডাব্লিওটিও’র মহাপরিচালক প্যাসকাল ল্যামি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আবুল কালাম আজাদ জানান, প্যাসকাল ল্যামি প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন। বাংলাদেশকে ডাব্লিওটিও সব ধরনের সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী আঞ্চলিক সংযোগ এবং গভীর সমুদ্র বন্দরের প্রসঙ্গে আলোচনা করেন এবং ডাব্লিওটিও’র সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনের বক্তা হিসেবে ঢাকা সফরে এসেছেন ল্যামি। শনিবার সমাবর্তনে যোগ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএম/এমআই/১৫০০ ঘ.