নরসিংদী, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী মহিলা কলেজ কেন্দ্রে আর যারা পরীক্ষা দিচ্ছেন, তার মধ্যে সহজেই আলাদা হিসেবে চিহ্নিত করা যায় হাওয়া আক্তার জুঁইকে।
রোববার সকাল থেকে সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় ওই কেন্দ্রের আর সবাই নিজেরা লিখলেও তা পারছে না জুঁই, মামাত বোন সানিয়া আক্তার লিখে দিচ্ছে জুঁইয়ের হয়ে।
প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের জুঁই বলেন, “অসুস্থতার কারণে দীর্ঘদিন ভালভাবে লেখাপড়া করতে পারিনি। তারপরও স্থানীয় প্রশাসন ও স্যারদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নিয়েছি। আজকের পরীক্ষা ভাল হয়েছে। আশা করছি এ প্লাস তুলতে পারব।”
জুঁইয়ের এই পরিণতির কারণ হিসেবে দায়ী করা হয় তার স্বামী রফিকুল ইসলামকে। অভিযোগ রয়েছে, পড়াশোনা চালিয়ে যেতে চাওয়ায় তিনিই জুঁইয়ের আঙুল কেটে দিয়েছেন। ঘটনার পর রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
গত বছরের ৪ ডিসেম্বর আঙুল হারালেও মনোবল যে একটুও হারায়নি জুঁই, তার প্রমাণ এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া- বলছেন তার সতীর্থরা।
জুঁইয়ের মা পারভীন আক্তার সাংবাদিকদের বললেন, “আমার মেয়ে অনেক সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তার স্বামী তার হাত কেটে ফেলেছে। হাত কাটার পরও সে পরীক্ষায় অংশ নিচ্ছে। আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
জুঁইয়ের বাবা ইউনূস মিয়া বলেন, “জুঁই যদি নিজের হাতে লিখে পরীক্ষা দিতে পারত তাহলে বেশি ভাল লাগত।”
বোন সানিয়াকে নিয়ে সকালেই কেন্দ্রে ঢোকেন জুঁই। হাতের আঙ্গুল না থাকায় স্থানীয় প্রশাসন ও শিক্ষকদের সায় পেয়ে পরীক্ষার উত্তরপত্র লেখার জন্য বোনকে পেয়েছেন তিনি।
নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম আবুয়াল ইসলাম সাংবাদিকদের বলেন, জুঁইয়ের পরীক্ষায় কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।
“এটা খুবই দুর্ভাগ্যজনক যে তাকে এভাবে পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষায় ভাল ফল করে সে যাতে প্রতিষ্ঠিত হতে পারে এবং সে যেন বুঝিয়ে দিতে পারে, আমিও পারি, সেটাই আশা করছি,” বলেন তিনি।
নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক জানান, জুঁইয়ের পরীক্ষায় অংশ নেওয়া সাহসী পদক্ষেপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/আরএ/১৫২১ ঘ.
bdnews24