২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খাগড়াছড়িতে থাকতে চান না চিকিৎসকরা’

সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসকের ১২৭টি পদ থাকলেও রয়েছেন মাত্র ৪১ জন। ফলে প্রত্যাশিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না পার্বত্য এই জেলার বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 06:37 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

নুরুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি খাগড়াছড়ি: এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যাপ্ত চিকিৎসকের অভাবে প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ির বাসিন্দারা। জেলা সদরের ৫০ শয্যার হাসপাতাল এবং আটটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১২৭ জন চিকিৎসকের পদ থাকলেও রয়েছেন মাত্র ৪১ জন, ৮৬টি চিকিৎসকের পদই শূন্য। ফলে প্রতিদিন অনেক রোগী হাসপাতালে গিয়েও চিকিৎসা পান দেরিতে। লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নয় জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র এক জন। অন্য উপজেলাগুলোর চিত্র এর চেয়ে ভালো হলেও তা রোগীদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। চিকিৎসক শূন্যতার বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. হাসান ইমাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয় থেকে বদলি করা হলেও কোনো ডাক্তার খাগড়াছড়িতে আসেন না।” খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার কণ্ঠেও একই কথা, “অস্থানীয় চিকিৎসকরা খাগড়াছড়িতে থাকতে চান না বলেই আমরা সমস্যায় ভুগছি।” উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহালের পাশাপাশি ৫ কোটি টাকা ব্যয়ে ৪ বছর আগে নির্মিত জেলা সদর হাসপাতালটির বর্ধিত ত্রিতল ভবনটিও চালু করতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ। চিকিৎসক শূন্যতা রয়েছে এই হাসপাতালটিতেও। সদর হাসপাতালে ২০টি চিকিৎসকের পদ থাকলেও ১১টিই শূন্য। পাঁচটি সিনিয়র কনসালটেন্ট পদে রয়েছেন মাত্র এক জন। জুনিয়র কনসালটেন্টের তিনটি পদের সবগুলোই খালি। স¤প্রতি ছয় জন চিকিৎসককে বদলি করে এই হাসপাতালে পাঠানো হলেও এক জন ছাড়া বাকিরা কেউই যোগদান করেননি বলে কর্তৃপক্ষ জানায়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সঞ্জীব ত্রিপুরা ও গাইনি বিশেষজ্ঞ জয়া চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সহযোগী চিকিৎসক না থাকায় তাদের ডাবল শিফটে কাজ করতে হচ্ছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ড. সুধীন কুমার চাকমা বলেন, “স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ মৌলিক সেবাখাতের এমন অবস্থা প্রমাণ করে পার্বত্য এলাকার প্রতি সরকারের বড়ো ধরনের উদাসীনতা রয়েছে। রোগীরা জানায়, তারা অনেক সময়ই প্রয়োজনের সময় চিকিৎসক পান না। স্থান সংকুলান না হওয়ায় রোগীদের বারান্দায় ও মেঝেতেও থাকতে দেখা যায়। জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা জানান, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা নিয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। নাগরিক আন্দোলনের নেতা সুধীন চাকমা, অতিদ্রুত চিকিৎসক সমস্যার সমাধান দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৪ ঘ.