২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপনাদের জমি দখল করে নিন: মঞ্জুরুল আহসান খান

ভূমিহীনদেরকে খাসজমি দখল করে নিতে বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

নোয়াখালী, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিহীনদেরকে খাসজমি দখল করে নিতে বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান। নোয়াখালীতে শনিবার সন্ধ্যায় এক জনসভায় তিনি বলেন, দেশের হাজার হাজার একর খাসজমি বড়লোকেরা লুটপাট করে খাচ্ছে। আর ক্ষেতমজুররা জমি নিতে গেলে গুলি করে হত্যা করা হয়। দেশে এখন ভূমিদস্যুরা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। সরকার, আইন-আদালত কোনোকিছুই তাদের স্পর্শ করে না, বলেন তিনি। নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত জনসভায় মঞ্জুরুল আহসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপকূলীয় চরাঞ্চলের ভূমিহীনদের উদ্দেশে তিনি বলেন, “সোজা আঙুলে ঘি উঠবে না। লাল ঝাণ্ডা আর আড়াই হাত লাঠি দিয়ে আপনাদের জমি আপনারা দখল করে দেশের আইন বাস্তবায়ন করুন। কমিনিস্ট পার্টি আপনাদের সাথে আছে।” ‘ভাত-কাপড়-জমি-কাজ, কমিউনিস্ট পার্টির এক আওয়াজ’ শ্লোগানকে সামনে রেখে জেলা শাখার এ জনসভায় সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা মজিবুল হক মজিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোল্লা হাবীবুর রাছুল মামুন, জাফর উল্লাহ বাহার, অ্যাডভোকেট প্রদ্যুৎ কান্তি, অধ্যাপক শিরিন আক্তার, মাইন উদ্দিন লেলিন, সমীর চক্রবর্তী প্রমুখ। নোয়াখালীর উপকূলীয় চরে জেগে উঠা কয়েক হাজার একর ভূমির মালিকানা নিয়ে জোতদার, অবৈধ চিংড়ি ঘের মালিকদের সঙ্গে ভূমিহীনদের বিরোধ চলে আসছে। এ নিয়ে স¤প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেছে কয়েক হাজার ভূমিহীন নারী-পুরুষ। ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক মজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাসজমি বরাদ্দ পাওয়ার জন্য ইতোমধ্যে ৩৩৭ জন ভূমিহীন জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৭ ঘ.