ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ছাত্র সংগঠনগুলোর কোন্দল দেশবাসী আসা করে না।
জাতি গঠনে আরো বেশি অবদান রাখার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতের গৌরবময় ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনের ভাষণে শনিবার বিশ্ববিদ্যালয়ের আচার্য জিল্লুর রহমান বলেন, “ক্ষুদ্র ব্যক্তিগত অথবা দলীয় স্বার্থে ছাত্র সংগঠনগুলো আন্তঃদলীয় কোন্দলে জড়িয়ে পড়ুক দেশবাসী তা আশা করে না।”
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পাসে ধারাবাহিকভাবে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানান তিনি
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এর আগে ৪৫তম সমাবর্তন হয়েছিলো ২০০৯ সালে।
এবারের সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউট ছাড়াও এর অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের ১৬ হাজার ৬৭৩ জনকে øাতক ও øাতকোত্তর, ১০০ জনকে পিএইচডি এবং ৫৩ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়।
এছাড়া মেধাবী ফলাফলের স্বীকৃতি হিসাবে ৪১ জন শিক্ষার্থীকে দেওয়া হয় ৪৩টি স্বর্ণপদক।
এবার সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক প্যাসকেল লামি। তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা সার্বজনীন- এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “তবে মত প্রকাশের স্বাধীনতা যেন কোনভাবেই সহিংস হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে সবাইকে গণতান্ত্রিক রীতি-নীতি মেনে চলতে এবং পরমত সহিষ্ণুতার পরিচয় দিতে হবে।”
নতুন øাতকদের অভিনন্দন এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, “বিপুল অবদানের মূল্যায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল উচ্চ শিক্ষার সুতিকাগার নয়, বরং তা জাতির আশা-আকাঙ্খার কেন্দ্রস্থল। নিরন্তর জ্ঞান চর্চার পাশাপাশি এ বিদ্যাপীঠটি এদেশের সব আন্দোলন-সংগ্রামে অবদান রেখে আসছে।
মাতৃভাষার অধিকার আদায়ে ১৯৫২ সালে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে জীবন দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধিকার, স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের অবদান আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সমাবর্তনে অন্যদের মধ্যে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদ বক্তব্য দেন।
সমাবর্তনে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনৈতিক মিশনের প্রধানরা, বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/১৯৫৫ ঘ.
bdnews24