২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিরোনামে’ আনটাইটেলড

২০১২ সালের আইবিএ-রবি ব্যান্ডউইটজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের দল ‘আনটাইটেলড’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 06:11 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২ সালের আইবিএ-রবি ব্যান্ডউইটজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের দল ‘আনটাইটেলড’। এছাড়া প্রথম রানারআপ হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল ‘মেগামাইন্ড’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস-এর দল ‘ওসান স্ট্রীট’। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল র‌্যাডিসনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। যৌথভাবে প্রতিযোগিতাটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং মোবাইল অপারেটর রবি। চূড়ান্ত পর্বে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের দুটি দল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুটি দল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস-এর দুটি দল। প্রতিযোগিতায় প্রাইজ মানি হিসেবে বিজয়ী দল পেয়েছে এক লাখ টাকা, প্রথম রানারআপ দল পেয়েছে ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ দল পেয়েছে ৩০ হাজার টাকা । প্রতিযোগিতার চতুর্থ এ আয়োজনে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৩৬টি দল অংশ নেয়। এ থেকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় তিনটি বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি দল। কর্পোরেট জগতে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরিতে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের নির্ধারিত বিষয় ছিল ‘পরিবেশ বান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধকরণ’। প্রতিযোগিতায় বিচারক ছিলেন রবি’র ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশন বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাবিদ আহসান, বিএটিবির কোরা বিভাগের প্রধান জাহিদ হাই এবং অক্সফার্ম বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের প্রধান তাপস রঞ্জন চক্রবর্তী। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আরো উপস্থিত ছিলেন আইবিএ পরিচালক জিএম চৌধুরী, রবি’র মার্কেটিং কর্মকর্তা প্রদীপ শ্রীবাস্তব, আইবিএর প্রভাষক সায়েদা মারুফা বাশার, খালেদ মাহমুদ প্রমুখ। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা প্রদর্শন ও কর্পোরেট জগতে প্রবেশের সুযোগ করে দিতেই প্রতিবছর এ প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। শিক্ষার্থীদের মধ্য থেকে ‘ব্র্যান্ড মাস্টার’ তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এএইচএ/এমআই/২৩৫০ ঘ.