ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১২ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এক সপ্তাহের মধ্যেই ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে তা পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
সিইসি বলেন, “এ বিধিমালা জারি হলে দীর্ঘ দিন থেকে ঝুলে থাকা উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যদের নির্বাচন করা সম্ভব হবে। উপজেলা পরিষদ পূর্ণাঙ্গরূপ পাবে।”
২০০৯ সালের ২২ জানুয়ারি সারাদেশে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সরাসরি ভোটে নির্বাচিত হলেও সংরক্ষিত মহিলা সদস্যদের নির্বাচন আইনি জটিলতায় আটকে যায়। গত তিন বছর ধরে এ পদ শূন্য।
আইন অনুযায়ী, উপজেলার অধীন পৌরসভা ও ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য বা কাউন্সিলরদের মধ্য থেকে তিন জন উপজেলা পরিষদের সদস্য নির্বাচিত হবেন। ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করবেন সংশ্লিষ্ট উপজেলার সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও কাউন্সিলররা।
ইসি কর্মকর্তারা জানান, নতুন এই বিধিমালায় উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধানও রাখা হচ্ছে।
ডিসিসির তফসিল মধ্যএপ্রিলে
ঢাকা সিটি কর্পোরেশনের দুই ভাগে নির্বাচনের জন্য মধ্য এপ্রিলে তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান কাজী রকিব।
সিইসি বলেন, “নির্বাচনের প্রস্তুতি চলছে। মনে হয় না এ নির্বাচন পেছাবে। আমরা আশা করি, ১৮০ দিনের মধ্যেই এ নির্বাচন স¤পন্ন করতে পারব। আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
ইভিএম ব্যবহারের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, এ নিয়ে বুয়েট ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২৩০ ঘ.
bdnews24