গাইবান্ধা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাপস দেব স্থানীয় এনজিও সবুজ বাংলা’র নির্বাহী পরিচালক।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাপস দেব তার কার্যালয়ে যান। এ সময় তিনি তার নির্দেশ ছাড়া আনন্দ স্কুল সংশ্লিষ্ট কোন নথিতে স্বাক্ষর না করতে নির্দেশ দেন।
“কারণ জানতে চাইলে তাপস ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন। অফিসের লোকজন এগিয়ে এলে দেখে নেওয়ার হুমকি দিয়ে তিনি অফিস থেকে বেরিয়ে যান”, যোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে তাপস দেবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টার করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হোসেন বলেন, “তাপস উপজেলা আওয়ামী লীগের দলের দপ্তর সম্পাদক। তিনি যদি এ ধরনের কাজ করে থাকেন তাহলে বিষয়টি দুঃখজনক।”
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াহেদ জানান, তাপসের পরিচালিত আনন্দ স্কুলগুলো শুধু কাগজে কলমে আছে। এ কারণে উপজেলা শিক্ষা কমিটির গত সভায় সিন্ধান্ত হয়েছে তদন্ত করে এগুলোর বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে। ততদিন ওই স্কুলগুলোর বিল-ভাতা বন্ধ থাকবে।
শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় তাপসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহামেদ জানান, তিনি প্রাথমিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৫ ঘ.
bdnews24