২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে টিভির চেয়ারম্যান ও এমডির জামিন

একুশে টেলিভিশনের আয়কর বিবরণী দাখিল না করায় আব্দুস সালাম ও আশরাফুল আলমের বিরুদ্ধে এই মামলা করে এনবিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 06:29 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে টেলিভিশনের আয়কর বিবরণী দাখিল না করায় জাতীয় রাজস্ব বোর্ডের করা মামলায় জামিন পেয়েছেন বেসরকারি এই টেলিভিশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। একুশের চেয়ারম্যান আব্দুস সালাম এবং এমডি আশরাফুল আলম রোববার ঢাকার জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিশেষ জজ জহুরুল হক তাদের আবেদন মঞ্জুর করেন। গত ২০ মার্চ এনবিআর মামলাটি করলে জজ আদালত আগামী ১০ এপ্রিল দুই বিবাদিকে তলব করে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ করকমিশনার মো. আবু সাঈদ সোহেলের করা এই মামলায় একুশে টেলিভিশন লিমিটেডকে এক নম্বর এবং চেয়ারম্যান ও এমডিকে দুই ও তিন নম্বর বিবাদি করা হয়েছে। মামলায় বলা হয়, বিবাদিরা ২০০৭ থেকে ২০০৯ করবর্ষ পর্যন্ত প্রতিষ্ঠানের আয়কর বিবরণী দাখিল করেননি। এ বিষয়ে তাদের নোটিস দেওয়ার পরও তারা কোনো পদক্ষেপ নেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২২৬ ঘ.