চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু পার্কে একটি রাইড দুর্ঘটনায় বিয়ের ২২ দিনের মাথায় স্বামী হারিয়েছেন চট্টগ্রামের এক নারী।
নিহত অনুপম চৌধুরী (২৭) ও তার স্ত্রী পাপিয়া চৌধুরীকে নিয়ে শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের শিশু পার্কে ঘুরতে যান। সেখানে রোলার কোস্টার থেকে তারা ছিটকে মাটিতে পড়ে যায়।
এতে গুরুতর আহত অনুপমকে শনিবার সকাল সোয়া ৯টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত পাপিয়া স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
ব্র্যাক ব্যাংক মোমিন রোড শাখার কর্মকর্তা অনুপম নগরীর উত্তর নালাপাড়া এলাকায় থাকতেন।
নিহতের বড় বোনের স্বামী বিশ্বজিত সেন দাবি করেন, রোলার কোস্টারে সিটবেল্ট ছিল না।
কর্ণফুলী শিশু পার্কের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রোলার কোস্টারে দুর্ঘটনার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন।
ডবলমুরিং থানার ওসি আবুল কালাম আজাদ এ ধরনের কোনো ঘটনা বিষয়ে অবগত নন বলে জানান।
বিশ্বজিত সেন বলেন, প্রথমে অনুপমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে শুক্রবার রাতে নগরীর মেডিক্যাল সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
“সেখানে অনুপমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে সকালে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে তিনি মারা যান।”
অনুপম হাটহাজারী উপজেরার ফটিকা গ্রামের অমূল্য রতন চৌধুরীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮২৯ ঘ.
bdnews24