বরিশাল, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত কয়েক কিশোরকে চিকিৎসা না দেওয়ায় তাদের সহযোগীরা কুপিয়ে জখম করেছে একটি ক্লিনিকের পরিচালককে।
শুক্রবার রাত ৮টায় নগরীর কালীবাড়ী রোডের ফেয়ার হেলথ নামে ক্লিনিকের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত ব্যাপক ভাংচুর চালানো হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে আটক করেছে পুলিশ, যাদের উঠতি সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আহত পরিচালক হারুন-উর রশিদ সেলিমকে (৪৫) ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে হামলায় আহত ওয়ার্ডবয় জাহিদ হোসেনকে।
ক্লিনিকের কর্মী (রিসিপসনিস্ট) মো. ইয়াসিন খান সাংবাদিকদের জানান, সন্ধ্যার পর ধারালো অস্ত্রের আঘাতে জখম কয়েকজনকে নিয়ে এক দল সশস্ত্র তরুণ ক্লিনিকে আসে। তারা নিজেরাই তৃতীয় তলায় অপারেশন থিয়েটারে ঢুকে আহতদের চিকিৎসা দিতে বলে।
তখন কর্তব্যরত গাইনি বিভাগের চিকিৎসক হাওয়া আকতার জাহান আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন বলে ইয়াসিন জানান।
“তখন তারা ক্ষিপ্ত হয়ে ওটি বয় জাহিদকে মারধর শুরু করে। খবর পেয়ে ছুটে আসেন পরিচালক হারুন-উর রশিদ সেলিম। তখন তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা,” বলেন ইয়াসিন।
সেলিমের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে।
ওই তরুণরা এরপর তিন তলা থেকে ভাংচুর করতে করতে নিচে নেমে আসে বলে ইয়াসিন জানান।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহেদুজ্জামান জানান, খবর পেয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উঠতি পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- পাসপোর্ট গলির দেলোয়ার হোসেনের ছেলে মারজান (১৭), ব্রাউন কম্পাউন্ডের ইউসুফ হোসেনের ছেলে তানভীর (১৭), ঈশ্বরবসু রোডের আবুল হোসেন খানের ছেলে রাজীব (২০), পশ্চিম কাউনিয়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে ইমন (১৭) এবং রেজাউল করিম ওরফে রেজা (১৭)।
ক্লিনিক কর্তৃপক্ষ মামলা করবে জানিয়ে ওসি বলেন, তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
হামলায় জড়িত অন্যদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, নগরীর হাসপাতাল রোড, ঝাউতলা ও কালিবাড়ী রোডসহ আশেপাশের এলাকার প্রভাববিস্তারকারী তালিকাভুক্ত সন্ত্রাসী টিপু-জিতুর আরেক ভাই নিপুর নেতৃত্বে ওই হামলা-ভাংচুর হয়।
তারা বলেন, উঠতি বয়সী নিপু এলাকায় আধিপত্য বিস্তার করতে সশস্ত্র অবস্থায় বিএম স্কুল এলাকায় মহড়া দিতে গেলে প্রতিপক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এতে আহতদের চিকিৎসার জন্য এসে তারা ভাংচুর চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৪৪ ঘ.
bdnews24